কুমিল্লায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে সীমান্তবর্তী সদর উপজেলার বৌয়ারা বাজার লাকা থেকে এসব মালামাল উদ্ধার করছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যতে তা নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপির টহলদল বুধবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে উত্তর সূর্যনগর এলাকায় অভিযান চালায়।
এ সময় সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
জব্দ করা ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
