Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায় প্রকল্পের ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রেক্ষিতে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রকল্পে কর্মরত ৪,৩৮২ জন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীর চাকরি বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মো. তানভীর হোসেন (সিনিয়র প্রোগ্রাম অফিসার), মোছা. শিরিন আক্তার (মনিটরিং অফিসার) এবং মো. জওসের মোল্যা (মনিটরিং অফিসার) স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বহাল রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা সংবাদ সম্মেলনে প্রকল্পের মাধ্যমে প্রদত্ত স্বাস্থ্যসেবার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। প্রকল্পের আওতাধীন ৪৫টি পার্টনারশিপ এলাকার নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে যে সেবাগুলো নিশ্চিত করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রসবপূর্বকালীন, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সেবা; মাসিক নিয়ন্ত্রণ ও গর্ভপাত-পরবর্তী সেবা; পরিবার পরিকল্পনা সেবা; নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা; প্রজনন স্বাস্থ্য সেবা; কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা; পুষ্টি সেবা; সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ; সাধারণ রোগের চিকিৎসা; স্বাস্থ্য শিক্ষা ও যোগাযোগের মাধ্যমে আচরণ পরিবর্তন সেবা; রোগ নিরূপণ সেবা; এবং সহিংসতার শিকার নারীদের জন্য বিশেষ সহায়তা সেবা।

প্রকল্পের ৪৫টি পার্টনারশিপ এলাকার মাধ্যমে ১ মার্চ ২০১৮ থেকে ৩০ জুন ২০২৫ সময়ে প্রদত্ত সেবার তথ্যে জানানো হয়, ৩৪ লক্ষ ৬০ হাজার প্রসবপূর্ববর্তী এবং ১০ লক্ষ প্রসব-পরবর্তী সেবা প্রদান করা হয়েছে। নরমাল ডেলিভারী এবং সিজারিয়ান সেকশনের মাধ্যমে ১ লক্ষ ৯০ হাজার শিশুর জন্ম হয়েছে। এছাড়া, ২৯ লক্ষ ১৪ হাজার আধুনিক পরিবার পরিকল্পনা সেবা প্রদান, ৯৯.২ লক্ষ শিশুকে বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা প্রদান, ১৬ লক্ষ ৬৭ হাজার কিশোর-কিশোরীকে এডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সেবা প্রদান, ১ কোটি ২৪ লক্ষ শিশুকে শিশু স্বাস্থ্য সেবা প্রদান, ১২ লক্ষ মা ও শিশুকে পুষ্টি সেবা প্রদান এবং সেবা কার্ডের মাধ্যমে নগর এলাকার ১ কোটি ৬৫ লক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মতির প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ১৯৯৯ সালের ১৫ সেপ্টেম্বর একটি অফিস আদেশ জারি করে। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এবং ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী নগর এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভার উপর ন্যস্ত করা হয়েছে।

বর্তমানে দেশে ১২টি সিটি কর্পোরেশন এবং ৩৩১টি পৌরসভা থাকলেও, প্রকল্পের মাধ্যমে মাত্র ১১টি সিটি কর্পোরেশন এবং ১৮টি পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া, সিটি কর্পোরেশন এলাকার সব মানুষ এখনও প্রকল্পের আওতাভুক্ত হয়নি। ৭০ মিলিয়ন শহরের জনগণের মধ্যে প্রকল্পের আওতায় মাত্র ১৭ মিলিয়ন মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

নগর এলাকায় সিটি কর্পোরেশন, পৌরসভা কর্তৃক স্ব স্ব অধিক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকল্পে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ ও সংস্থাসমূহের দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সরকার বিভাগ থেকে ২০২১ সালের ২২ মার্চ একটি পরিপত্র জারি করা হয়।

সিটি কর্পোরেশন ও পৌরসভায় চলমান প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম টেকসইভাবে অব্যাহত রাখার লক্ষ্যে গঠিত কার্যকরী কমিটির গত ২৪.০৫.২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগ হতে সংশ্লিষ্টদের বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে। সিটি কর্পোরেশন ও পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় ও অর্থায়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেটে ২টি ইকোনমিক কোড সৃজনপূর্বক ২০২১-২২ অর্থবছর হতে সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় (স্থানীয় সরকার আইন ২০০৯, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী) নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ১৯৯৮ সাল থেকে অদ্যাবধি স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায় টেকসই ও সফলভাবে বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র সরকার সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করেছে।

এ প্রেক্ষিতে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম কিভাবে চলবে এবং পিএমইউ, পিআইইউ ও প্রকল্প এলাকায় কর্মরত ৪,৩৮২ জন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। এহেন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বহাল রাখার উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।