ময়মনসিংহের ভালুকায় বাড়ির পাশের ডোবায় পড়ে মোহাম্মদ সাফওয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন।
নিহত সাফওয়ান গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা হুসাইন আহমেদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় একটি দোকান থেকে চিপস ও পটেটো কিনে বাড়ি ফিরছিল সাফওয়ান। পথে গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে প্রায় ১০ ফুট গভীর একটি ডোবার কাছে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায়। পরে সে পানিতে ডুবে যায়। শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ডোবায় তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কুশল/সাএ
