মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য ইতিমধ্যে অনেক প্রকল্প হাতে নিয়েছেন।
এ সময় তিনি আরও বলেন, সংসদে গিয়ে সরকারের কাছে প্রথম যে চিঠি দিয়েছিলাম, তা ছিল চা শ্রমিকদের সন্তানের জন্য। জুড়ী ও বড়লেখা উপজেলার চা বাগানের সাধারণ শ্রমিকদের কল্যাণে আমাদের সরকার সবসময় কাজ করে যাবে। তিনি রোববার জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা-বাগানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন সংক্রান্ত চা শ্রমিক কল্যাণ অনুদান খাতের বিশেষ ভাতার যাচাই বাছাই ও অবহিতকরণ সভায় এসব কথা বলেন।
দিনব্যাপী কাপনাপাহাড় চা-বাগান এবং ফুলতলা চা-বাগানে অনুষ্ঠিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।
উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, কাপনা পাহাড় চা-বাগানের সহকারী ব্যবস্থাপক সিরাজুল ইসলাম প্রমুখ।