মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর দৌলতপুর উপজেলার জনগণকে সঙ্গে নিয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন।
আজ রোববার বিকেলে উপজেলার বাঁচামারা ইউনিয়নের বিবিসি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাদক ও চাঁদাবাজি বিরোধী এক সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবীর বলেন, মাদকসেবীরা নেশার টাকার জোগান দিতে গিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি করে, এমনকি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালায় এবং ঘরের আসবাবপত্র বিক্রি করে দেয়। তিনি এলাকার মুরব্বীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদকাসক্তদের নিয়ে বসে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের সুপথে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা যদি এ পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, তাহলে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তবে একাধিকবার সতর্ক করার পরও কেউ সংশোধিত না হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মাদকের বিস্তার রোধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এমপি বলেন, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে যে কোনো সময় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
বাঁচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।