বগুড়ার শিবগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩ মে) বিকাল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক বাবু রতন কুমার রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসএম তাজুল ইসলাম বলেন, “মুক্ত গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূলভিত্তি। গণমাধ্যম স্বাধীন না হলে মানুষের কথা বলার অধিকারও সংকুচিত হয়ে পড়ে। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন বলেই রাষ্ট্র ও সমাজ সঠিক পথে এগিয়ে যেতে পারে। তাদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের সেই দায়বদ্ধতার কথাই স্মরণ করিয়ে দেয়।” বিশেষ অতিথি বাবু রতন কুমার রায় বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, যেখানে সত্যনিষ্ঠা ও সাহসিকতা সবচেয়ে বড় শক্তি। তিনি তরুণ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতায় অটল থাকার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ, মিজানুর রহমান, সোহেল রানা। এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক গোলজার রহমান, তাহেরা জামান লিপি, হারুনুর রশিদ লিটন, সাবিত হাসান, প্রভাষক আব্দুল হান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, জহুরুল ইসলাম সৈকত, মোস্তাকিম রুবেল, আব্দুল গফুর, রাকিব হাসান, রুহুল আমিন, তৌওহিদ হাসান, উপজেলা প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলী, সাবেক ছাত্রদল নেতা আমিনুল মুশফিকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, “মুক্ত গণমাধ্যম দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—সত্য প্রকাশের অধিকার কতটা গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের চিত্র তুলে ধরেন। তাদের এই অবদান একটি সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানটি শেষে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষার বিষয়ে সকলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।