স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী এবং এটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।
তবে সিনেমাটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তারা এই প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, এটি মূলত যুক্তরাষ্ট্রে ধারণ করা একটি নাটক ছিল, যা পরবর্তীতে টেলিফিল্মে রূপান্তরের কথা বলা হয়েছিল। কিন্তু সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
তিনি বলেন, কোনো লিখিত চুক্তি বা সম্মতি ছাড়াই এটি কীভাবে সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হলো—তা গ্রহণযোগ্য নয়। একজন পেশাদার শিল্পীর কাজ নিয়ে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়ে ছবিটির মুক্তি বন্ধের দাবি তোলেন।
অন্যদিকে, মৌসুমীও নিজের বক্তব্যে জানান, এটি মূলত এক ঘণ্টার একটি নাটকের কাজ ছিল এবং টেলিফিল্ম হিসেবে প্রচারের জন্য তিনি মৌখিক সম্মতি দিয়েছিলেন। নির্মাতার অনুরোধে অতিরিক্ত সময় দিয়ে শুটিং শেষ করলেও সিনেমা হিসেবে মুক্তির বিষয়ে তাকে জানানো হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, চলচ্চিত্র হিসেবে মুক্তির জন্য প্রয়োজনীয় ডাবিং বা অন্যান্য কারিগরি কাজ সম্পন্ন করা হয়নি এবং প্রাপ্য পারিশ্রমিকও তাকে দেওয়া হয়নি। একটি নাটককে জোরপূর্বক সিনেমায় রূপান্তরের এই উদ্যোগকে চলচ্চিত্র শিল্পের জন্য অশুভ সংকেত হিসেবে দেখছেন এই তারকা দম্পতি।