যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ মরদেহ বহনকারী বিমানটি অবতরণ করে।
গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা শেষে ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত লিমনের রুমমেট হিশাম আবুঘেরহে-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তদন্ত নথিতে বলা হয়, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে লিমনকে হত্যা করা হয়েছে।
এদিকে আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে বৃষ্টির জানাজা শেষে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির কনস্যুলেট যৌথভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করছে। দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, পরিবারের অনুরোধে দ্রুত মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন।
কুশল/সাএ