পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্ধেকের বেশি আসনে এগিয়ে থেকে সরকার গঠনের পথে রয়েছে দলটি। এতে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পরাজয়ের মুখে পড়তে পারে বলে আভাস মিলছে।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন। চলমান গণনায় বিজেপি সেই ‘ম্যাজিক নম্বর’ অতিক্রম করে স্বচ্ছন্দ অবস্থানে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াইয়ে নামে বিজেপি। দলের অন্যতম মুখ ছিলেন বিরোধীদলীয় নেতা সুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূলেরই গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
এছাড়া নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস ও বামফ্রন্টও অংশ নেয়। রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে তৃণমূল থেকে বহিষ্কৃত এমএলএ হুমায়ুন কবির-এর নতুন দল।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফালতা আসনসহ কিছু কেন্দ্রে পুনর্ভোটের নির্দেশ থাকায় সেসব ফল আজকের গণনায় অন্তর্ভুক্ত হচ্ছে না।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫ আসন পেয়ে জয়ী হয়েছিল, আর বিজেপি ৭৭ আসন পেয়ে প্রধান বিরোধী দলে পরিণত হয়। তবে এবার রাজনৈতিক পালাবদলের জোর সম্ভাবনা তৈরি হয়েছে।
ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ও সুভেন্দু অধিকারীর লড়াই বিশেষ নজর কেড়েছে। সামগ্রিকভাবে, পশ্চিমবঙ্গে এবার আদর্শিক দ্বন্দ্ব, তৃণমূল পর্যায়ের রাজনীতি ও পরিবর্তনের ডাক—সব মিলিয়ে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সূত্র: এনডিটিভি (NDTV).