বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডাক জীবন বীমার কিস্তি নগদ-এ, যেতে হবে না ডাকঘরে

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডাক জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে এখন থেকে আর স্বশরীরে ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। গ্রাহকেরা এখন ঘরে বসেই মোবাইল আর্থিক সেবা নগদ-এর মাধ্যমে এই টাকা জমা দিতে পারবেন।

বুধবার (৬ মে) বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি সম্পন্ন করেছে নগদ।

ডাক ভবনে আয়োজিত এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল, ঢাকা) মোহা: আব্দুল হান্নান এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল, রংপুর) প্রদীপ কুমার চুক্তিতে স্বাক্ষর করেন। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম।

চুক্তি স্বাক্ষরকালে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ উপস্তিত ছিলেন।

এই চুক্তির আওতায় ডাক জীবন বীমার আওতায় যতগুলো পলিসি আছে – আজীবন বীমা, মেয়াদী বীমা, নির্দিষ্ট বীমা ও বিবাহ বীমা সবগুলোর বীমার কিস্তিই নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।

১৮৮৮ সালে প্রথম চালু হওয়া এই সেবাটি দেশের সবচেয়ে পুরনো জীবন বীমা সেবা যেখানে প্রায় দুই লাখ গ্রাহক আছেন। এই গ্রাহকেরা এতদিন কিস্তি জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ের ভেতর ডাক ঘরে যাওয়ার পরেই কেবল কিস্তির টাকা জমা দিতে পারতেন। এই চুক্তির ফলে গ্রাহকেরা এখন নগদ অ্যাকাউন্ট থেকে যেকোনো সময় স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে প্রিমিয়াম পরিশোধের সুবিধা পাবেন।

গ্রাহকেরা তাদের নগদ অ্যাপের ‘বিল পে’ অপশনে গিয়ে ‘ডাক জীবন বীমা’ বা ‘PLI’ নির্বাচন করে পলিসি নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিলে কিস্তি পরিশোধ করতে পারবেন। পেমেন্ট সফল হওয়ার সাথে সাথেই গ্রাহক একটি ডিজিটাল রিসিট ও কনফার্মেশন মেসেজ পাবেন, যা ভবিষ্যতের প্রমাণ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, “ডাক জীবন বীমা দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম। এই সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে আমরা কাজ করছি। এখন নগদের মাধ্যমে প্রিমিয়াম দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকেরা যেমন দ্রুত সেবা পাবেন, তেমনি ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত হবে।”

এই উদ্যোগের বিষয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করাই আমাদের প্রধান লক্ষ্য। ডাক জীবন বীমা এ দেশের অনেক পুরোনো এবং জনপ্রিয় একটি সেবা। এখন নগদের মাধ্যমে এই টাকা জমা দেওয়ার সুযোগ তৈরির ফলে গ্রাহকদের ভোগান্তি যেমন কমবে, তেমনি সময়ও বাঁচবে। সরকারি সেবা সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।”

ডাক বিভাগের এই আধুনিকায়নের ফলে বীমা সেবায় আরও স্বচ্ছতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে নগদের সেবার কলেবরে আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হওয়ার ফলে নগদের গ্রাহকদের যেমন সুবিধা হবে তেমনি আরো নতুন নতুন গ্রাহকও নগদের নেটওয়ার্কে যুক্ত হবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) এস এম হারুনুর রশীদ, অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ ও পরিদর্শন) পারভীন বানু, অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) ও অতিরিক্ত দায়িত্ব (পরিকল্পনা) মোঃ জাকির হাসান নূর এবং পরিচালক (তদন্ত ও পরিদর্শন) ও অতিরিক্ত দায়িত্ব (কর্মী ও সংস্থাপন) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ প্রমূখ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।