শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারেক জিয়া সড়কের নাম পরিবর্তন, গাজীপুরে বিএনপির মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে ‘তারেক জিয়া সড়ক’-এর নাম পরিবর্তন করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শুক্রবার (৮ মে) বিকেলে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের তারেক জিয়া মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সদর উপজেলা ওলামা দলের সভাপতি আমিনুল কাজী বলেন, ২০০৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ওয়ান কম্পোজিট মিলস্ লিমিটেড উদ্বোধন করতে আসেন। সে সময় রাস্তাটির বেহাল দশা দেখে তিনি রাস্তা সংস্কারের নির্দেশনা দেন। এরপর রাস্তাটি নির্মাণ করা হয় এবং এর নাম দেওয়া হয় ‘তারেক জিয়া সড়ক’। আশপাশের এলাকা তখন থেকেই তারেক জিয়া মোড় নামে পরিচিতি লাভ করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তাটির নাম পরিবর্তন করে ‘তালতলী মনিপুর সড়ক’ রাখা হয়েছে। এর প্রতিবাদে আমরা মানববন্ধনে অংশ নিয়েছি।

গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাজাহারুল ইসলাম বলেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে রাস্তার ইতিহাস মুছে দিয়ে নতুন নামকরণ করা হয়েছে। এটা আমরা কোনোভাবে মেনে নেব না। সংশ্লিষ্টদের কাছে আবেদন, দ্রুত সময়ের মধ্যে যেন এই সড়কটি আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে হয়। এই সড়কের নাম হবে তারেক জিয়া সড়ক। আশপাশের শত শত দোকানপাটের ব্যানার ও সাইনবোর্ডে ‘তারেক জিয়া মোড়’ লেখা রয়েছে।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রমজান আলী বলেন, এই সড়কের ইতিহাস কাগজে লিপিবদ্ধ। ২০১৫ সালের ২১ জানুয়ারি একটি গাড়ি পোড়ানোর মামলা হয়েছে। সেই মামলায় আমি আসামি। সেই মামলায় ঘটনাস্থল দেখানো হয়েছে ‘তারেক জিয়া মোড়’। তাঁরা মামলায় তারেক জিয়া মোড় স্বীকার করেও রাস্তার নাম পরিবর্তন করলেন। আমাদের একটাই দাবি, সড়কটি যেন আগের নামে ফিরে আসে।

গাজীপুর সদর উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী মো. ফাহাদ জানান, সড়কটি নামকরণ কবে পরিবর্তন হয়েছে, তা তিনি সঠিক বলতে পারবেন না। তবে এখন সড়কটি ‘তালতলী মনিপুর রাস্তা’ নামে লিপিবদ্ধ রয়েছে। রাস্তাটির নাম পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।