কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি কোতয়ালী থানা পুলিশ।
এদিকে ঘটনার ৭২ ঘন্টা পার হলেও কোন আসামি গ্রেফতার না হওয়াতে আরো ভেঙ্গে পরেছেন নিহতের পরিবার।
নিহতের ছোট ভাই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র জোবায়ের হোসেন খন্দকার ফাহিম জানান, আসামি গ্রেফতার না হওয়াতে আমাদের পরিবারে আহাজারি থামছেই না। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে যাতে দ্রুত আসামি গ্রেফতার করে ন্যয় বিচার নিশ্চিত করা হয়। আমরা হয়তো বোনকে পাবোনা কিন্তু ঘাতকদের শাস্তি হলে আমার বোনের আত্মা কিছুটা শান্তি পাবে।
তিনি আরো বলেন, অনেক নির্যাতন করা হয়েছে আমার বোনের উপর। ফাঁস লাগানো ছবিগুলো দেখলে যে কেউ বুঝবে, তাকে মেরে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। আমার বোনের গলার মধ্যে আঘাতের চিহ্ন ও ফুটো দেখা গেছে। দুই পায়ে, শরীরে আঘাতের চিহ্ন ছিলো। নির্যাতনের পর মেরে আত্মহত্যার নাটক সাজাতে যারা তাকে ফ্যানের সাথে ঝুলিয়েছে আমরা ওই সকল ঘাতকের ফাঁসি চাই।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমর্ত্য মজুমদার জানান, অভিযুক্ত পুরো পরিবার পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আসা করছি অল্প সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে পারবো।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রধান মো: এমদাদুল হক সোহাগ জানান, ফারিহা অত্যন্ত মেধাবী বিনয়ী ও ক্যাম্পাসে একজন পরিচ্ছন্ন শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিল। তাঁর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে অনেক সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকে আচ্ছন্ন। আমার দ্রুত আসামিদের গ্রেফতার করে, সঠিক তদন্ত শেষে বিচার নিশ্চিতের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কুমিল্লা নগরের মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার শ্বশুরবাড়ির ফ্ল্যাট থেকে জান্নাতুন নাঈমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমিল্লার কোটবাড়ী এলাকার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনার পর থেকে তাঁর স্বামী মেহেদী হাসান (হৃদয়) পলাতক।
বুধবার রাতে জান্নাতুনের বাবা স্কুলশিক্ষক মো. হানিফ বাদী হয়ে নিহতের স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।