কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণের অভিযোগে শাহ আজম ওরফে প্রান্ত (২৫) নামের এক মাজার খাদেমকে গ্রেফতার করেছে পুলিশ। বিদেশে পালানোর চেষ্টাকালে মঙ্গলবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া শাহ আজম প্রান্ত পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবের গ্রামের বিশ্ব রাহে রাজ ভাণ্ডার দরবার শরিফের খাদেম বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুল রহমান জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। স্বামীর অনুপস্থিতিতে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতেন। অভিযুক্ত প্রান্ত তার চাচাত দেবর হওয়ায় পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাকে প্রভাবিত করার চেষ্টা করছিল বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে আরও জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর ‘থার্টিফার্স্ট নাইট’ উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে প্রান্ত ওই গৃহবধূকে নিজের ঘরে ডেকে নেয়। পরে রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় ঘটনাটি গোপনে ভিডিও ধারণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ভুক্তভোগী প্রতিবাদ বা চিৎকার করার চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়। পাশাপাশি ঘটনা প্রকাশ করলে সংসার ভেঙে যাবে এবং সামাজিকভাবে অপমানের মুখে পড়তে হবে—এমন ভয় দেখিয়ে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।