চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত নুরুল হাশেম (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ মে) দিবাগত রাতে বারখাইন ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল হাশেম উপজেলার ৪নং ওয়ার্ডের শিলাইগড়া গ্রামের সৈয়দ নূরের বাপের বাড়ীর মৃত আবুল কাশেমের পুত্র।
জানা যায়, গত রোববার (১৭ মে) বিকেলে ঝি-বা-শি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে গ্রেপ্তারকৃত নুরুল হাশেমসহ অন্যান্যদের মাদক বিক্রিতে বাঁধা দেয় স্থানীয়রা। এসময় উভয়ের মাঝে বাকবিতন্ডার একপর্যায়ে মাদক বিক্রেতারা স্থানীয় দেলোয়ার হোসেন সামিম (১৮)কে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং এলোপাতাড়ি মেরে রক্তাক্ত জখম করে। এঘটনায় আহত সামিম বাদী হয়ে গ্রেপ্তারকৃতসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “অভিযোগ পাওয়ার পর এদিন রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা শেষে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।