আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স-আপ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩য় স্থান অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেদোয়ানুর রহমান সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বুধবার (২০ মে) প্রতিযোগিতা শেষে কেন্দ্রীয় খেলার মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভলিবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে গত ১৭ মে ২০২৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।