পশ্চিমবঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি দুই দিন থেকে কমিয়ে একদিন করা হয়েছে। নতুন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের ছুটির তারিখেও পরিবর্তন আনা হয়েছে।
নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদ দেখার ভিত্তিতে এ বছর ঈদুল আজহা ২৮ মে (বৃহস্পতিবার) উদযাপিত হবে। এ কারণে আগের ছুটির সূচিতে সংশোধন আনা হয়েছে।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর প্রকাশিত ছুটির তালিকায় ২০২৬ সালের ২৬ ও ২৭ মে (মঙ্গলবার ও বুধবার) ঈদুল আজহা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই দিনের ছুটি বাতিল করা হয়েছে এবং কেবল ২৮ মে একদিন সরকারি ছুটি থাকবে। ২৬ ও ২৭ মে সাধারণ কর্মদিবস হিসেবে গণ্য হবে।
পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পি কে মিশ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গে এর আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কোরবানির ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা দুদিন ছুটি ঘোষণা করে। কিন্তু বিধানসভা নির্বাচনে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে রাজ্য বিধানসভার ২০৭টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে এবারই প্রথম সরকার গঠন করেছে বিজেপি। আর বিপরীতে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।
সূত্র: আনন্দবাজার
কুশল/সাএ