ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পদত্যাগ করেছেন- এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে দেশটির সরকার।
রোববার (৩১ মে) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-যোগাযোগ প্রধান মেহদি তাবাতাবাই বলেন, পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে ছড়ানো খবর ভুয়া এবং এটি কিছু বিদেশি গণমাধ্যমের ‘মিডিয়া গেমস’-এর অংশ।
তিনি বলেন, “ইরানি জনগণের সেবা করা থেকে পেজেশকিয়ান কখনো পিছিয়ে যাবেন না।” একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, জাতীয় ঐক্য ও সংহতির পথ থেকে ইরান সরে আসবে না।
তাবাতাবাই আরও দাবি করেন, যারা ইরানের জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা করছে, তারা আবারও ব্যর্থ হবে। দেশের অভ্যন্তরে বিভাজন রয়েছে—এমন জল্পনাও তিনি প্রত্যাখ্যান করেন।
এদিকে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর জবাবে ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত পরবর্তী আলোচনায় স্থায়ী কোনো সমঝোতা হয়নি।
তবে যুদ্ধ পরিস্থিতির অবসান এবং সরাসরি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র এখনও বিভিন্ন প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় করে যাচ্ছে।
সূত্র: আনাদোলু।