বরগুনার আমতলীতে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে আমতলী এ.কে স্কুল সংলগ্ন এলাকায় সেপটিক ট্যাংকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন- আমতলীর জাফর ও জাহিদ।
পুলিশ জানায়, বুধবার সকালে আমতলী এ.কে স্কুল সংলগ্ন এলাকায় মাওলানা মো. ইউসুফের নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন দুই নির্মাণ শ্রমিক। এসময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে ট্যাংকের ভেতরেই অচেতন হয়ে পড়েন তারা। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক ভেঙে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের জাফর হোসেন ও হলদিয়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।