রাজধানী ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বা দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে এই এলাকাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রোববার (৭ জুন) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে নৌযান চলাচলে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের আবহাওয়া বিভাগের নিয়মিত পর্যবেক্ষণের ভিত্তিতেই এ ধরনের সতর্কতা জারি করা হয়েছে, যাতে নৌ-চলাচল ও জনজীবনে সম্ভাব্য ঝুঁকি কমানো যায়।
কুশল/সাএ