বরগুনার তালতলীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। একই সাথে পরিবেশ সচেতনতা বাড়াতে একটি ব্যতিক্রমী পাতা ও ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, নতুন প্রজন্মকেও এ বিষয়ে সচেতন হতে হবে। একটি গাছ শুধু ছায়া দেয় না, ভবিষ্যৎও রক্ষা করে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।
তবে পুরো আয়োজনের প্রধান আকর্ষণ ছিল পরিবেশ সচেতনতামূলক একটি ব্যতিক্রমী পাতা ও ছবি প্রদর্শনী। এই প্রদর্শনীর মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার নানা দিক ফুটিয়ে তোলা হয়। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও নদীভাঙনের নানাবিধ প্রভাব নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। কর্মসূচির একপর্যায়ে উপস্থিত সকলে ধরিত্রী রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে একযোগে কাজ করার জন্য শপথ বাক্য পাঠ করেন।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান বলেন, “নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নকে উৎসাহিত করতেই শিক্ষার্থীদের মাঝে এই বৃক্ষ বিতরণ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামীতেও পরিবেশ রক্ষায় এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হারুনা রশিদ, তালতলী ক্রিয়া সংস্থার ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শাহাদাত মাতুব্বর, তালতলী চারুকলা একাডেমীর পরিচালক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ