
সিংগাইরে কৃষিজমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড, খননযন্ত্র অকার্যকর
অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে মানিকগঞ্জের সিংগাইরে পারভেজ মোল্লা (৩০) নামে এক ব্যাক্তিকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সেই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু) অকার্যকর ও মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়।
দন্ডপ্রাপ্ত পারভেজ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা এলাকার বাবুল মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অসাধু মাটি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করে আসছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের কৃষি জমি থেকে মাটি কাটছিল। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন। এসময় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত পারভেজ মোল্লাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর (খননযন্ত্র) অকার্যকর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন বলেন বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে অসাধু মাটি ব্যবসায়ীরা। এতে করে কৃষিজমি ও পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন হচ্ছে। কৃষি জমি ও পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। প্রায় সময়ই অভিযান চালিয়ে অসাধু মাটি ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অসাধু মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।