
ফাইল ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে ইয়াবা ফেলে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শহিদ নামে চিহ্নিত এক মাদককারবারির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরিফ আবদুল্লাহ নামে অপর সহযোগী মাদককারবারি আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার শেখেরখীল ইউনিয়নের কাটনির ছড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রায় ১১ কিলোমিটার দূরে শিলকূপ ইউপির শিলকূপ-গন্ডামারা সড়কের মহল্লাপাড়া এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে নিহত মাদককারবারি গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মাদককারবারি শহীদ (৩২) কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ডুমুরিয়াঘোনা এলাকার মো. শুক্কুরের ছেলে। অপর আহত মাদককারবারি আরিফ কক্সবাজার সদরের কালু ফকির পাড়ার নাজির হোসেনের ছেলে। এই দুই মাদককারবারির বিরুদ্ধে চট্টগ্রামের লোহাগাড়া থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা ও বিভিন্ন থানায় মাদকের একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে দুই মাদককারবারি একটি কমলা রঙের ব্যাগ ফেলে দ্রুত সেই বাইক চালিয়ে চলে যান। ব্যাগটি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশ সদস্যরা পিছু নিলে কিছুদূর পর গাড়িটি দৃষ্টির আড়ালে চলে যায়। গাড়িটি অতিরিক্ত গতিতে পালানোর সময় শিলকূপ ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় একটি সড়কের স্পিডব্রেকারের ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুই মাদককারবারি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মাদককারবারির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘দুপুর আনুমানিক ২টার সময় শিলকূপ গন্ডামারা সড়কের মহল্লাপাড়ায় এলাকায় মোটরসাইকেলটি বুলেট গতিতে এসে স্পিডব্রেকারের সাথে ধাক্কা খায়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে জানতে পারি ওই দুই যুবক মাদককারবারি। অচেনা সড়কে অতিরিক্ত গতি নিয়ে পালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, ‘পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে দুই যুবক ইয়াবাভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। তারা চেকপোস্ট থেকে ১০ কিলোমিটার দূরে গিয়ে শিলকূপের একটি গ্রামীণ সড়কের স্পিডব্রেকারে দুর্ঘটনায় পড়ে। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ ঘটনা ঘটেছে। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।’#
ছবি: ক্যাপশন> বাঁশখালীতে চেকপোস্টে ইয়াবা ফেলে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় নিহত মাদককারবারি।