ছবি: প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার (১৭ জুন) সন্ধায় ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড়ে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতিপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাকিল মিয়া( ৩২), গাইবান্ধা সদর এলাকার ডা.শফিকুল ইসলামের ছেলে শাহজাহানা ( ৫২) ও গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার পশ্চিম দামুরপুর গ্রামের মোবারক হোসেনেে মোঃ সুরুজ্জামান (৫৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী বগুড়াপাড়া এলাকার ধান ব্যবসায়ী রহমতুল্লাহ ঘোড়াঘাট ইসলামী ব্যাংক শাখা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচ সদস্যের একটি ছিনতাইকারী চক্র তাকে অনুসরণ করতে থাকে।
এক পর্যায়ে সিএনজিচালক কথা বলার অজুহাতে রহমতুল্লাহকে কাছে ডাকেন। তিনি কাছে যাওয়া মাত্রই ছিনতাইকারীরা তার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সিএনজিতে থাকা তিনজনকে আটক করেন। তবে ঘটনার সময় সিএনজিচালকসহ আরও দুই সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে এবং তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তিনি আরও জানান, এ ঘটনায় ধান ব্যবসায়ী রহমতুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা দুইজনসহ মোট পাঁচজনকে আসামি করে ঘোড়াঘাট থানায় ছিনতাই চেষ্টার মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১০, তারিখ ১৭ জুন ২০২৬। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।