বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাহুবলে উন্নয়নের ছোঁয়া নেই, কাদামাখা সড়কে জনদুর্ভোগ

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের বিহারিপুর গ্রামের গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা ও পানিতে তলিয়ে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষকে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিহারিপুর সড়কটি দিয়ে খোজারগাঁও, নিজগাঁওসহ অন্তত ৫টি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। এছাড়া শিক্ষার্থী, কৃষক ও রোগীদের চলাচলের প্রধান মাধ্যম এই সড়ক। বিহারিপুর গ্রামে উপজেলার সর্বাধিক শিক্ষার্থীসংবলিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক অবস্থিত। ফলে সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত কাদায় পরিণত হওয়ায় পথচারী ও যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে স্বজনদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

বিহারিপুর গ্রামের বাসিন্দা কাদির মিয়া বলেন, বছরের পর বছর ধরে এই সড়কের দুরবস্থা চলছে। জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি। বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচল করা যায় না।

একই গ্রামের আরেক বাসিন্দা আব্দুল মালেক বলেন, এই সড়কই আমাদের একমাত্র ভরসা। শিক্ষার্থী, কৃষক, রোগী—সবাইকেই এই পথেই চলতে হয়। কিন্তু সড়কের বেহাল দশার কারণে অনেক সময় রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।

বিহারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লকিরা বেগম জানান, বৃষ্টি হলেই কাদামাখা ও পিচ্ছিল সড়কের কারণে অনেক শিশু শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে অনীহা প্রকাশ করে। প্রায়ই শিক্ষার্থীরা পিছলে পড়ে আহত হয়। ফলে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন