
মডেল মসজিদে দুর্ধর্ষ চুরি
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা সহ বেশ কয়েকটি স্থানে চুরি, ছিনতাই, নদীপথে মাদক ব্যবসা, বেপরোয়া হয়ে আসছে দীর্ঘদিন ধরে। পুলিশ মাদক ব্যবসায়ী ও ইয়াবাখোরদের গ্রেফতার না করায় অবাধে চুরি হচ্ছে। এ থেকে বাদ যায়নি বাজিতপুর মডেল মসজিদের জিনিসপত্রও।
বাজিতপুর পৌর শহরে অবস্থিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চুর চক্ররা মসজিদের পিছনের জানালা ভেঙ্গে ৭৬টি পানির ট্যাপকল, ৮টি এসির বিদ্যুৎ সংযোগের তার, ওযুখানা ও টয়লেটের জিনিসপত্রও চুরি করে নিয়ে গেছে। এর আনুমানিক মূল্য হতে পারে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।
ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আবু বক্কর সিদ্দিককে মুঠোফোনে এই চুরির সম্পর্কে কয়েকজন সংবাদকর্মী যোগাযোগ করলে তিনি বলেন, গত ১৬ জুন দিবাগত গভীর রাতে মডেল মসজিদে চুরির ঘটনা ঘটেছে। সাধারণ ডায়েরী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, থানাকে অবগত করা হয়েছে। তবে আজ বৃহস্পতিবার অথবা শুক্রবারে জিডি করা হবে বলে উল্লেখ করা হয়।
এদিকে বাজিতপুর আইনশৃঙ্খলা খুব চরম অবনতির দিকে চলে যাচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। গত মার্চ মাসে ও বাজিতপুর পৌর শহড়ের ৩টি মসজিদেও চুরির ঘটনা ঘটেছে। মসজিদগুলো হচ্ছে বসন্তপুর সাব রেজিস্ট্রি মসজিদ, আলম নগরের বায়তুস সাত্তার জামে মসজিদ এবং পশ্চিম মথুরাপুর নবাব কাছারী জামে মসজিদ।
এই সম্পর্কে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এসএম শহিদুল্লাহ বলেন, ঘটনাটির বিষয়ে অবগত আছেন। আইনানুগ ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন। অন্যদিকে বাজিতপুর উপজেলার সিনেমা হল মোড়, চন্দ্রগ্রাম মোড়, দিঘীরপাড় পাটুলী, সরারচর রেল ক্রসিং, মাছিমপুর, হুমাইপুরসহ বিভিন্ন জায়গায় ইয়াবাখোররা ইয়াবা সেবন করে বেপরোয়া হয়ে উঠেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। অনেক অভিভাবকের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কোনো ভূমিকা রাখছে না বলে তারা মন্তব্য করেন।