ছেলে-পুত্রবধূর মারধরে বাবার মৃত্যু
কিশোরগঞ্জে বাড়ির একটি কাঁঠালকে কেন্দ্র করে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে আলম মিয়া ও তার স্ত্রী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নিহতের স্ত্রী সাহেদা বেগম বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে বুধবার রাতে সদর উপজেলার চৌধুরীহাটি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ির একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাকের সঙ্গে তার ছেলে আলম মিয়া ও পুত্রবধূর কথা কাটাকাটি শুরু হয়। পারিবারিক এই বিরোধ একপর্যায়ে তীব্র আকার ধারণ করলে ছেলে ও পুত্রবধূ ঘরের ভেতরে প্রবেশ করে আব্দুর রাজ্জাককে মেঝেতে ফেলে কিল-ঘুষি ও মারধর করে।
মারধরে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন আব্দুর রাজ্জাককে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।