বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কেইনের নৈপূণ্যে ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দাপটে শুরু

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চলতি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলের পর ইংল্যান্ডের জুড বেলিংহ্যামকে ঘিরে হ্যারি কেইনের উচ্ছ্বাস-ইন্টারনেট

চলতি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলের পর ইংল্যান্ডের জুড বেলিংহ্যামকে ঘিরে হ্যারি কেইনের উচ্ছ্বাস-ইন্টারনেট

পুরো ম্যাচ জুড়ে আক্রমণে ছড়ি ঘোরাল ইংল্যান্ড। জোড়া গোলে রেকর্ড বইয়ে নাম লেখালেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। দুইবার সমতা টেনে লড়াই জমিয়ে তুলল ক্রোয়েশিয়া। তৃতীয় দফায় পিছিয়ে পড়ার পর আর পারল না তারা। দারুণ জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল টমাস টুখেলের দল। ডালাসে বুধবার ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ৪-২ গোলে জিতেছে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড।

হ্যারি কেইন ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার পর, ক্রোয়েশিয়ার হয়ে প্রথমবার সমতা ফেরান মার্তিন বাতুরিনা। কেইনের দ্বিতীয় গোলের পর, প্রথমার্ধেই স্কোরলাইন ২-২ করেন পেতার মুসা। দ্বিতীয়ার্ধের শুরুতে লিড পুনরুদ্ধার করেন জুড বেলিংহ্যাম। বদলি নেমে শেষ দিকে ব্যবধান বাড়ান ইংল্যান্ডের মার্কাস র‌্যাশফোর্ড।

আর এই দুটি গোলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে বসলেন কেইন, দুজনেরই ১০টি করে। ম্যাচে প্রায় ৫২ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার ১০ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

 

ঘটনাবহুল এক পেনাল্টিতে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। বক্সে ননি মাদুয়েকেকে ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রথম দফায় কেইনের স্পট-কিক ঠেকিয়ে দেন দমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগেই তিনি লাইন ছেড়ে বেরিয়ে আসায় ভিএআরের সাহায্যে পুনরায় শট নিতে দেন রেফারি। এবার আর ভুল করেননি ইংল্যান্ডের সফলতম গোলস্কোরার।

দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিন ভিন্ন আসরে (২০১৮, ২০২২, ২০২৬) গোল করার কীর্তি গড়লেন কেইন। প্রথম জন ডেভিড বেকহ্যাম (১৯৯৮, ২০০২, ২০০৬)। বল দখলে আধিপত্য করে বারবার আক্রমণে উঠছিল ইংল্যান্ড। যদিও প্রতিপক্ষের রক্ষণে গিয়ে সুবিধা করতে পারছিল না তারা। এর মাঝেই ৩৬তম মিনিটে লক্ষ্যে নিজেদের প্রথম শটেই সমতা টানে ক্রোয়েশিয়া। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি করেন বিশ্বকাপে অভিষিক্ত মার্তিন বাতুরিনা।

যদিও ক্রোয়াটদের ওই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। পাঁচ মিনিট পরই ডেক্লান রাইসের কর্নারে হেডে আবার দলকে এগিয়ে নেন কেইন। ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়ে আসা কেইনের জাতীয় দলের জার্সিতে গোল হলো ৮১টি। তবে ইংল্যান্ডের আনন্দ আবার মাটি হয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে। মারিওর ক্রসে বক্সে ইভান পেরিসিচের হেড পাসে কাছ থেকে লক্ষ্যভেদ করেন পেতার মুসা।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় ইংল্যান্ড। ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন জুড বেলিংহ্যাম। সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়কে সুযোগ না দিয়ে বক্সে ঢুকে নিচু শট নেন রেয়াল মাদ্রিদ তারকা, বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়। তিন মিনিট পর ব্যবধান বাড়তে পারত। ২০ গজ দূর থেকে বেলিংহ্যামের শট ব্লকড হয়ে কর্নার পায় ইংল্যান্ড। রাইসের কর্নারে নিকো ও’রাইলির প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি।

৫৫তম মিনিটে ডাবল সেভে ব্যবধান বাড়তে দেননি লিভাকোভিচ। কাছ থেকে ও’রাইলির পর অ্যান্থনি গর্ডনের হেড ফিরিয়ে দেন তিনি। একটু পর কেইনের শটও আটকে দেন ৩১ বছর বয়সী গোলরক্ষক। ৭৬তম মিনিটে মারিওর শট ফিরিয়ে দলকে এগিয়ে রাখেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ক্রোয়েশিয়ার ঘুরে দাঁড়ানোর শেষ আশাটুকুও প্রায় শেষ করে দেন র‌্যাশফোর্ড। ৭২তম মিনিটে বদলি নামা এই ফরোয়ার্ড বক্সের বাইরে ফাঁকায় পাস পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলটি করেন।

২০২৪ ইউরোর ইংল্যান্ড স্কোয়াডে জায়গা পাননি তিনি। এবার বিশ্বকাপে দলের প্রথম ম্যাচেই করলেন গোল। বিশ্ব মঞ্চে তার চতুর্থ গোল এটি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন