
সিএমপিতে ডিসি পদে রদবদল
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) অফিসার ইনচার্জ (ওসি) পদে ব্যাপক রদবদলের পর এবার উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদেও পরিবর্তন আনা হয়েছে। এ দফায় উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল ও নতুন পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
তার স্থলে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপনকে উত্তর বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাংকে দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, গত কয়েক দিনে সিএমপির আটটি থানায় একাধিক দফায় ওসি পদে ব্যাপক রদবদল করা হয়।