
ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ান পুলিসিককে নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই তারকা উইঙ্গারের খেলার সম্ভাবনা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি যুক্তরাষ্ট্রের কোচ মাওরিসিও পচেত্তিনো। সিয়াটলে শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতে আসর শুরু করেছে।
প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে পায়ের পেশিতে চোট পান পুলিসিক। সেদিন দারুণ ছন্দে থাকা এসি মিলানের এই ফুটবলারকে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামাননি পচেত্তিনো।
তখন থেকেই পুলিসিককে নিয়ে জমতে শুরু করে শঙ্কার মেঘ। এখন তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। পচেত্তিনো জানান, মেডিকেল টিমের সঙ্গে পরামর্শের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। সে যদি কালকের ম্যাচে খেলতে না পারে, তাহলে পরের ম্যাচে তাকে পাওয়া যাবে। সে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্রিস্টিয়ান মানসিকভাবে খুবই শক্তিশালী। যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য সে অনেক পরিশ্রম করছে।’
প্যারগুয়ের বিপক্ষে দলের জয়ে অবদান রাখেন পুলিসিক। সপ্তম মিনিটে পায়ের দারুণ কারিকুরিতে তিন জনকে এড়িয়ে তিনি খুঁজে নেন ওয়েস্টন ম্যাককনিকে। তার শট ছুটে আসা প্যারাগুয়ে মিডফিল্ডার বোবাদিয়ার পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে!
সেদিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গোলেও ভূমিকা ছিল তার। ৩১তম মিনিটে তার নিখুঁত ক্রসেই পেনাল্টি স্পটের কাছ থেকে জাল খুঁজে নেন মোনাকো ফরোয়ার্ড ফোলারান বালোগান। খেলার এক পর্যায়ে প্রতিপক্ষের একজনের লাথি লাগে পুলিসিকের বাঁ পায়ে। এতে পেশিতে চোট পান তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকালে তুরস্কের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।