সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

সিলগালা ‘দানের ডেগ’ খুললেন ডিসি সারওয়ার, চলছে গণনা

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট: প্রত্যাহারের ঘোষণার একদিন পরই হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগ নিয়েছেন সিলেটের বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

মাজার-সংশ্লিষ্টদের দাবি, শত শত বছরের প্রচলিত রীতির বাইরে গিয়ে এবারই প্রথম প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের অর্থ গণনার কার্যক্রম শুরু হলো।

সোমবার (২২ জুন) বিকেলে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে উপস্থিত হন সারওয়ার আলম। সেখানে মাজারের দানের দুটি ডেগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা দানবাক্স থেকে টাকা বের করে গণনার কার্যক্রম শুরু করা হয়। গণনার সময় প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি শাহজালাল মাজারের দান ও আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের পুরোনো দানের ডেগ সিলগালা ও নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে দান নজরদারি বাড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এসব পদক্ষেপের মাধ্যমে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল।

কিন্তু গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে।

এদিকে, সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিলেটের নাগরিক সমাজসহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করেন শত শত সাধারণ জনতা। জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশের এলাকায় চলা এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের ভাষ্য, সিলেটের বিভিন্ন সমস্যা সমাধান ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সারওয়ার আলম সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাকে সরানোর পেছনে একটি প্রভাবশালী মহলের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সকালে কার্যালয়ে প্রবেশের সময় বিক্ষোভকারীদের সঙ্গে করমর্দন করেন সারওয়ার আলম। পরে তাদের স্লোগানের মধ্যেই তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করেন। দুপুরে নিজ কার্যালয় থেকে বের হয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে যোহরের নামাজ আদায় করেন।

প্রসঙ্গত, মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সিলেটে ব্যাপক আলোচনা, সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মধ্যেই বিদায়ী জেলা প্রশাসকের উপস্থিতিতে প্রকাশ্যে দানের অর্থ গণনার কার্যক্রম নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তবে এ বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো বক্তব্য দেননি সারওয়ার আলম। তিনি পরে এ বিষয়ে একটি ভিডিও বার্তা দেবেন বলে জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন