ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:১৮ পিএম (ভিজিট : ০)
X
বালুখেকোদের বিরুদ্ধে অভিযান
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সংলগ্ন গজনী বিট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি বালুভর্তি মাহিন্দ্রা গাড়ি জব্দ করেছে বন বিভাগ।
রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গজনী বিট কর্মকর্তা ও বন বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পাহাড়ি ছড়া ও বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় মাহিন্দ্রা গাড়িগুলো আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গজনী বিট এলাকার পাহাড়ি ছড়া ও বনাঞ্চল থেকে একটি চক্র রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
গজনী বিট কর্মকর্তা মো: সালেহীন নেওয়াজ খান জানান, জব্দকৃত ৬টি বালুভর্তি মাহিন্দ্রা গাড়ি বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইন ও প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহ বনবিভাগের রাংটিয়া রেঞ্জ সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহাম্মেদ ইমন বলেন, বালুখকোরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করে রাতের আধারে বালু উত্তোলন করে মাহিন্দ্র গাড়ী করে নেওয়ার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে বালুসহ ৬টি মাহিন্দ্র গাড়ী জব্দ করা হয় এবং পররর্তীতে ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইন ও প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় পরিবেশ সচেতন মহল অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তাদের মতে, পাহাড় ও বনাঞ্চল রক্ষায় নিয়মিত অভিযান এবং প্রশাসনিক নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।