সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইয়ামাল ও ওইয়ারসাবালের গোলে জয়ে ফিরল স্পেন//

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ইয়ামাল ও ওইয়ারসাবালের গোলে জয়ে ফিরল স্পেন//

দলকে শুরুতেই এগিয়ে দেওয়া লামিন ইয়ামালকে অভিনন্দন জানাচ্ছেন পরে জোড়া গোল করা ওইয়ারসাবাল। ছবি: রয়টার্স

X

দলকে শুরুতেই এগিয়ে দেওয়া লামিন ইয়ামালকে অভিনন্দন জানাচ্ছেন পরে জোড়া গোল করা ওইয়ারসাবাল। ছবি: রয়টার্স

সব অনিশ্চয়তা কাটিয়ে শুরু থেকেই মাঠে নামলেন লামিন ইয়ামাল এবং জাল খুঁজে নিতেও দেরি করলেন না তিনি। খানিক পর আরেক ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল করলেন জোড়া গোল। প্রথম ম্যাচের হতশ্রী স্পেন এবার আক্রমণে ঝড় তুলে উড়িয়ে দিল সৌদি আরবকে।

আটলান্টায় রোববার রাতে ‘এইচ’ গ্রুপে থাকা সৌদি আরববের বিপক্ষে ম্যাচটি অনায়াসে ৪-০ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল স্পেন। ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে স্পেন। সৌদি আরবের তিন শটের একটি ছিল লক্ষ্যে। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে স্পেন। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সৌদি আরব। উরুগুয়ে ও কেপ ভার্দের পয়েন্টও সমান ১ করে। এই দুই দল অবশ্য ম্যাচ খেলেছে একটি করে।

ইনজুরি থেকে সেরে উঠে বিশ্বকাপ অভিষেকে বদলি নেমে তেমন কিছু করতে পারেননি ইয়ামাল। কেপ ভার্দের বিপক্ষে তার দলও সেদিন পায়নি প্রত্যাশিত জয়। সাদামাটা পারফরম্যান্সে সমালোচনাও শুনতে হয়। জিততেই হবে- এমন কঠিন সমীকরণে নেমে, প্রথম মিনিট থেকেই প্রতিপক্ষের ওপর প্রবল চাপ তৈরি করে স্পেন। একের পর এক আক্রমণ শাণিয়ে, দ্রুত সাফল্যও পেয়ে যায় তারা। দশম মিনিটে বাঁ দিক থেকে দূরের পোস্টে দারুণ এক পাস বাড়ান মিকেল ওইয়ারসাবাল এবং গোলমুখে স্লাইড করে বল জালে পাঠান ইয়ামাল।

বিশ্বকাপে স্পেনের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ট গোলদাতা হলেন ইয়ামাল (১৮ বছর ৩৪৩ দিন)। রেকর্ডটি গাভির, গত আসরে ১৮ বছর ১১০ বয়সে গোল করেছিলেন এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে ২৭ ম্যাচ খেলে এই নিয়ে সাত গোল করলেন ইয়ামাল, সঙ্গে অ্যাসিস্ট ১২টি।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ১৮ বছর বা এর কম বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচের প্রথম গোল করলেন ইয়ামাল। প্রথম জন পেলে, ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওয়েলসের বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটি করার দিনে পেলের বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন।

তিন মিনিটের ব্যবধানে আরও দুবার জালে বল পাঠিয়ে, প্রথম কুলিং ব্রেকের আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন এবং দুটি গোলই করেন ওইয়ারসাবাল। গত বছর বাছাইপর্ব থেকে দারুণ ছন্দে থাকা এই ফরোয়ার্ড ২১তম মিনিটে বিশ্বকাপে নিজের গোলের খাতা খোলেন। কর্নারে উড়ে আসা বল সৌদি আরব কয়েক দফায় ক্লিয়ার করতে ব্যর্থ হলে, ছয় গজ বক্সে বল পেয়ে আলতো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

তার দ্বিতীয় গোলটি দারুণ এক গোছানো আক্রমণের ফসল। ডান দিক থেকে সতীর্থের ক্রস বাঁ দিকের বাইলাইনের কাছে পেয়ে ছোট করে কাটব্যাক করেন কুকুরেইয়া, আর সেখান থেকে দানি ওলমোর হেড দূরের পোস্টে পেয়ে অনায়াসে জালে পাঠান ওইয়ারসাবাল।

৩৬তম মিনিটে হ্যাটট্রিকও হতে পারতো ক্যারিয়ারের শুরু থেকে রেয়াল সোসিয়েদাদের খেলা এই তারকার। বল ক্লিয়ার করতে গিয়ে তার পায়ে বল তুলে দেন সৌদি গোলরক্ষক; তবে সে যাত্রায় ভাগ্য সহায় হয় তাদের। ওইয়ারসাবালের শট ক্রসবারে বাধা পায়।

জাতীয় দলের হয়ে ২৭ গোল হলো তার, ৫৫ ম্যাচে।ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে যাওয়ায়, বিরতির পর আর ইয়ামাল ও ওইয়ারসাবালকে নামাননি কোচ। তাদের জায়গায় আসেন ইয়েরেমি পিনো ও ফেররান তরেস। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে কিছুটা দুর্ভাগ্যবশত চতুর্থ গোল হজম করে সৌদি আরব। কুকুরেইয়ার জোরাল শট গোলরক্ষকের পায়ে বাধা পেলেও, ফিরতি বল সামনেই দাঁড়ানো ডিফেন্ডার হাসান আল-তামবাক্তির পায়ে লেগে জালে জড়ায়।

এরপর, ধীরে ধীরে খেলার গতি কমে আসে। তাতে ব্যবধান আর না বাড়লেও, মাঠে স্প্যানিশদের নিয়ন্ত্রণ কখনও হাতছাড়া হয়নি। তাদের একদমই ভাবাতে পারেনি এশিয়ার দলটি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অবশ্য আবার জালে বল পাঠান তরেস; তবে তিনি নিজেই অফসাইডে থাকায় ব্যবধান বাড়েনি। দ লা ফুয়েন্তের জন্মদিন উদযাপনের উপলক্ষটা দারুণ হলো। এদিনই ৬৫ বছর পূর্ণ হলো ইউরো জয়ী কোচের।

পরের ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে উরুগুয়ের বিপক্ষে খেলবে স্পেন। একই সময় মুখোমুখি হবে কেপ ভার্দ ও সৌদি আরব।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন