জবি: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির অপতৎপরতা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে, সোমবার দিবাগত রাতে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন তারা।
পরে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জনগণের আন্দোলনের মুখে নিষিদ্ধ হওয়া এই সংগঠনের যে কোনো অপতৎপরতা ছাত্রসমাজ রুখে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নামে বা ব্যানারে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেবে। এদের মদদদাতাদের খুঁজে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।’
জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে কর্মসূচির চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সবসময় সচেষ্ট থাকবে।’
এ ছাড়াও তিনি বলেন, ‘শিক্ষা, ঐক্য ও প্রগতির রাজনীতিতে বিশ্বাসী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদ পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।’
উল্লেখ্য, কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, শাহরিয়ার হোসেন, নাহিয়ান বিন অনিক, রবিউল আওয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।