কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক এমপি অধ্যক্ষ মো. ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে চারটি ভেন্যুতে ১৪ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে প্রধান উপদেষ্টা ও কুমিল্লা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, ফাউন্ডেশনের উপদেষ্টা বদরুল হাসান লিটন (যুগ্মসচিব), মোহাম্মদ সাইফুল হাসান (যুগ্মসচিব), চেয়ারম্যান এডভোকেট আ.হ.ম. তাইফুর আলম, মহাসচিব অধ্যাপক কামরুল হাসান নাসিমসহ উভয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুরে এমপি বাড়ি প্রাঙ্গণে বুধবার সকাল ৯টায় কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদ সাইফুল হাসান। এডভোকেট আ.হ.ম. তাইফুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পরবর্তীতে সকাল ১০টায় বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে দ্বিতীয় ভেন্যুতে প্রায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উদ্বোধন করেন বদরুল হাসান লিটন ও মোহাম্মদ সাইফুল হাসান।
তৃতীয় পর্যায়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান কলেজে সকাল সাড়ে ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান,বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী,সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে প্রায় ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
শেষ পর্যায়ে বুড়িচং উপজেলার নিমসার জনাব আলী কলেজ প্রাঙ্গণে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত চতুর্থ ভেন্যুতে সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিনের উদ্বোধনে প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য,অধ্যক্ষ মো. ইউনুস ফাউন্ডেশন,অধ্যক্ষ মো. ইউনুস পরিবার, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট কমিউনিটি, কর্ণফুলী শিপ বিল্ডার্স, হ্যাভেন্স লাইট লিমিটেড, পারটেক্স গ্রুপ, নুরের আলো ফাউন্ডেশন ও জয়নাল আবেদিন ফাউন্ডেশনসহ বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
