আমি বৃক্ষ হতে আসি নাই : চমক

আমি বৃক্ষ হতে আসি নাই : চমক

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ০)

রুকাইয়া জাহান চমক

X

রুকাইয়া জাহান চমক

কণ্ঠশিল্পী লুইপার নতুন গান ‘মন নিলো সে’- এর প্রকাশনা অনুষ্ঠানে এসে নিজের জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অনুষ্ঠানে নতুন গান নিয়ে কথা বলার পাশাপাশি তিনি তুলে ধরেছেন জীবনকে দেখার নিজের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি। অনুষ্ঠানে বেশ প্রাণবন্ত মেজাজে দেখা যায় চমককে। মঞ্চে উঠে তিনি গেয়ে শোনান ‘মন নিলো সে’ গানের জনপ্রিয় লাইন- ‘মন নিলো সে মন নিলো সে, মন টেকেনা ঘরে; কেড়ে নিলো সিধা সাদা মন জাদু করে…’

মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা নিয়ে চমক বলেন, তিনি গান বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই খুঁতখুঁতে। ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ভালো না লাগলে কোনো প্রজেক্টে রাজি হন না। 

তবে আবির হাসানের প্রস্তাব এবং তানভির আহমেদের সংগীত পরিচালনায় ‘মন নিলো সে’ গানটির কথা ও সুর প্রথমবারেই তার মন ছুঁয়ে যায়। নাজমুল ইভানের পরিচালনায় নির্মিত গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

অনুষ্ঠানের একপর্যায়ে নিজের জীবনদর্শন নিয়ে কথা বলতে গিয়ে চমক বলেন, ‘আমি আসলে পাগল মানুষ। আমার যখন কোনটা ভালো লাগে আমি সেটাই করি। ছোট্ট একটা জীবন। এই ছোট্ট জীবনে… আমি বৃক্ষ হতে আসি নাই যে এক জায়গায় শিকড় গড়ে এক জায়গায়ই থেকে যাবো। আমি পাখি মানুষ, আমি পাখির মতো আকাশে উড়তে চাই, অনেক কিছু দেখতে চাই, এক্সপ্লোর করতে চাই। অনেক জীবন যাপন করতে চাই।’

নিজের এই বক্তব্যে জীবনকে এক জায়গায় থামিয়ে না রেখে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের আকাঙ্ক্ষার কথাই তুলে ধরেন এই অভিনেত্রী। এ সময় রাজনীতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন চমক। তিনি বলেন, ‘আপনি কখনোই একটা সচেতন নাগরিক হিসেবে অরাজনৈতিক হতে পারেন না। অনেকে বলে যে আমি অরাজনৈতিক, আমি খুব নিরপেক্ষ; আপনি পারেন না। আপনি একজন আদর্শ নাগরিক কখনো অরাজনৈতিক হতে পারবেন না।’

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় এসেছিলেন চমক। সেই প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘হ্যাঁ, আমি তো একটা দল চুজ করেছি। যে দল চুজ করেছি আমি তো সে দল ছাড়বো না।’

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।