চুয়াডাঙ্গায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র, ১০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:৫৮ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর শামরার মাঠ এলাকার মরগাং খালে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ সায়েম (১৬) নামে ১০ম শ্রেণীর ছাত্র নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
নিহত সায়েম নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের একমাত্র সন্তান। সে দামুড়হুদা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাযায়,গত শুক্রবার (১০ জুলাই) দুপুর ১ টার দিকে সায়েম তার ছোট চাচা জাকির হোসেনের সঙ্গে ঠেলা জাল দিয়ে মরগাং খালে মাছ ধরতে যায়। এ সময় মাঠ থেকে নেমে আসা বৃষ্টির পানির প্রবল স্রোতে সে ঠেলা জালসহ মরাগাং খালের পানিতে পড়ে তলিয়ে যায়।
বিষয়টি টের পেয়ে তার চাচা ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসের খবর দিলে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেও উদ্ধার করতে ব্যার্থ হয়।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের সংবাদে উন্নত উদ্ধার সরঞ্জামসহ খুলনা থেকে নৌ বাহিনীর ডুবুরি দল বিকেল সাড়ে ৫ টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। কয়েক ঘণ্টার টানা অভিযানের পর সন্ধ্যায় ডুবুরি দল সায়েমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
সায়েমের অকাল মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম নেমে আসে।এলাকাজুড়েও নেমে আসে গভীর শোকের ছায়া।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ডুবুরি দল শেষ পর্যন্ত সায়েমের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় নিহত ছাত্রের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।