দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক ও পেশাদার রূপ দিতে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান।
এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াকে একটি শক্তিশালী শিল্পে পরিণত করার লক্ষ্যে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রিকেট লীগ-২০২৪-২৫ সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
এমপি শাহজাহান বলেন, একসময় ক্রীড়া ছিল শুধুমাত্র বিনোদনের মাধ্যম। কিন্তু বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এজন্য জেলা-উপজেলা পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি, প্রশিক্ষণ এবং অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলে ক্রীড়া একাডেমি গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছেন, যাতে গ্রামগঞ্জের প্রতিভাবান ছেলেমেয়েরা সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পায়। এর ফলে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে এবং বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। ইতোমধ্যে নোয়াখালী জেলায় পুরাতন স্টেডিয়াম সংস্কার এবং বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল-কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা চালু করা হবে।
ক্রীড়াকে পেশাদার রূপ দিতে হলে শুধু খেলোয়াড় তৈরি করলেই হবে না, প্রয়োজন দক্ষ কোচ, ফিটনেস ট্রেইনার এবং আধুনিক ব্যবস্থাপনা। এ লক্ষ্যে সরকার জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে, যেখানে কোচ ও কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি যুবক-যুবতী খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুক। এজন্য ইউনিয়ন পর্যায়ে ছোট ছোট টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং বিজয়ীদের জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
ভবিষ্যতে নোয়াখালীতে একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের খেলার জন্য আলাদা আলাদা সুবিধা থাকবে। এতে করে স্থানীয় খেলোয়াড়রা নিজেদের দক্ষতা বাড়াতে পারবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নারী ক্রীড়াবিদদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন এমপি শাহজাহান। তিনি বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের জন্য আলাদা প্রশিক্ষণ ও সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
তাউছ মো. বেনী আমিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক শফিকুল ইসলাম, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় বেগমগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাইজদী তরুণ সংঘ ক্লাব।
