রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের কারখানা চত্বরে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় একজন নারীসহ ছয়জন নিহত হয়েছে। নিহত নারীর নাম জয়নব (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। স্বজনরা জানান, মেয়ের বাড়িতে বেড়াতে এসে পাশের একটি টেইলার্সে দাঁড়িয়ে ছিলেন জয়নব। বিস্ফোরণের সময় কাভার্ডভ্যান থেকে ছিটকে আসা একটি সিলিন্ডার টেইলার্সের টিনের ছাদ ভেদ করে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাত সোয়া ১১ টার দিকে আশুলিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, ক্যাভার্ড ভ্যানের ভেতর থেকে আরো ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বমোট নিহতের সংখ্যা ৬ জন। তাৎক্ষণিকভাবে পাঁচজনের নাম পরিচয় জানা যায়নি৷
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারখানা চত্বরে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায়। পরে আগুনের তাপে পর্যায়ক্রমে কাভার্ডভ্যানে থাকা অন্য সিলিন্ডারগুলো বিস্ফোরিত হতে থাকে। এতে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা আরও কয়েকটি সিলিন্ডারবাহী গাড়িসহ অন্তত ৭-৮টি গাড়িতে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশনের দুটি এবং ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। যানজটের কারণে তারা প্রায় ৭টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পাঁচ থেকে ছয়টি কাভার্ডভ্যানে আগুন দেখতে পান তারা। রাত ৮টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, কাভার্ডভ্যানগুলোর ভেতরে এলপিজি সিলিন্ডার ছিল। আগুনের সূত্রপাত কীভাবে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, বিস্ফোরণের ঘটনায় আহত ২৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই কারখানার আশপাশের সবজি বিক্রেতা ও পথচারী। আহতদের মধ্যে ৫-৬ জনের শরীর বেশি দগ্ধ হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় প্রীতি গ্রুপের কারখানার জানালার কাচও ভেঙে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সিলিন্ডারের আঘাতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।