ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি সোনা জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) ও সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। জব্দ করা সোনার আনুমানিক মূল্য ১৭ কোটি রুপি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।
ডিআরআই জানায়, ২০ ও ২১ সেপ্টেম্বর বিএসএফের ১৬১ ব্যাটালিয়নের সদস্যরা গোংরা বিওপি এলাকায় সীমান্ত সড়কের কাছ থেকে ২৭টি সোনার টুকরা উদ্ধার করেন। এসব সোনার মোট ওজন ৩ দশমিক ১৫ কেজি।
এ ছাড়া ২১ সেপ্টেম্বর মহাখোলা বিওপির হাতখোলা গ্রামে কাঁটাতারের বেড়ার আগে একটি পাম্পের কাছে লুকিয়ে রাখা ১০টি সোনার টুকরা উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ দশমিক ১৬ কেজি।
এর আগে ১০ ও ১১ সেপ্টেম্বর পাথারগাটা বিওপি এলাকায় কাঁটাতারের বেড়ার কাছ থেকে ৪৮টি সোনার বার উদ্ধার করা হয়। এসব বারের মোট ওজন ৫ দশমিক ৯ কেজি। উদ্ধার করা সব সোনাই শুল্ক আইনের আওতায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিআরআই।
এদিকে, বিহারের পাটনায় একটি ট্রেনে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছ থেকে ১ দশমিক ৭১ কেজি ওজনের ১৫টি সোনার বার ও চারটি সোনার টুকরা জব্দ করা হয়। তার দুই পায়ে বাঁধা কাপড়ের হাঁটুর ব্যান্ডেজের ভেতরে সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল।
ডিআরআইয়ের দাবি, এসব সোনা বাংলাদেশ থেকে পাচার করে ভারতে নেওয়া হয়েছিল। এ ঘটনায় ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।