রাজশাহীর মোহনপুরে শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে বাবা-মায়ের সঙ্গে বিরোধের জেরে বঁটির আঘাতে মোসা. জান্নাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে আমিনুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। ঘটনার সময় ছেলেকে থামাতে গিয়ে আহত হয়েছেন জান্নাতুনের স্বামী মুজিব সরদার। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম শ্বশুরবাড়িতে যাওয়ার কথা পরিবারকে জানান। এ সময় তার বাবা মুজিব সরদার তাকে যেতে নিষেধ করেন। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।
পুলিশের ভাষ্য, ধস্তাধস্তির একপর্যায়ে আমিনুল বঁটি দিয়ে তার মা জান্নাতুনকে আঘাত করেন। ছেলেকে থামাতে গেলে তার বাবাও ধারালো বঁটির আঘাতে আহত হন।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে জান্নাতুনের মৃত্যু হয়। আহত মুজিব সরদারকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমিনুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাকে মোহনপুর থানায় নেওয়া হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আমিনুল অসুস্থ এবং তার মানসিক ভারসাম্য নিয়ে সমস্যা রয়েছে বলে তারা জানিয়েছেন।
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, শ্বশুরবাড়িতে যাওয়া নিয়ে বাবা-মায়ের সঙ্গে আমিনুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বঁটির আঘাতে জান্নাতুন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আমিনুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।