নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের অভিযোগে ২টি ড্রাম ট্রাকসহ চারজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে লালপুর থানাধীন চিনির বটতলা নামক স্থানে ঈশ্বরদী-বাঘাগামী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এ.জে মিন্টুর নেতৃত্বে একটি দল নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে চিনির বটতলা এলাকায় অবস্থান নেয়। এ সময় ঈশ্বরদী থেকে বাঘাগামী মহাসড়কে অবৈধভাবে খননকৃত ভরাট মাটি পরিবহনকালে দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয় এবং ট্রাকে থাকা চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পেয়ারাখালী গ্রামের মোঃ কাউসার আলী প্রামানিক (৩০), সারাঘাট গ্রামের মোঃ শরিফুল ইসলাম (২২) ও মোঃ বাঁধন (২০) এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোর। এ বিষয়ে লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা (মামলা নম্বর-২৯, তারিখ: ২৯/০৯/২০২৬) রজু করা হয়েছে।
আজ (২৯ সেপ্টেম্বর) আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম নিশ্চিত করেছে।