‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এ প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিন উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জীবনের শেষ সময়ে তাদের নিরাপত্তা, সম্মান ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। প্রবীণদের একাকীত্ব দূর করার পাশাপাশি তাদের প্রতি সহমর্মী ও মানবিক আচরণ করার আহ্বান জানান তারা।