খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় আক্তার ঢালী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ( ৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আক্তার ঢালী ওই এলাকার বাসিন্দা মৃত মতলব ঢালীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকেও (২৭) একই এলাকার দূর্জনীমহলের সামনে কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার দেড় মাসেরও কম সময়ের মধ্যে এবার দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল তার বাবা আক্তার ঢালীর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৪ থেকে ৫ জন হেলমেট পরিহিত দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সেখানে এসে জয় ঢালীর ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরপর বাবা ও ছেলেকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।