যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (৫ অক্টোবর) তেহরানে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান বলেন, যে পক্ষ নিয়মিত হত্যা, নিষেধাজ্ঞা, চাপ ও হুমকি প্রয়োগ করে এবং দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, তার সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই। ইরানের জনগণও এ ধরনের পদ্ধতি মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ইয়েমেনে হুথিদের সঙ্গে নতুন করে সামরিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি ওয়াশিংটন বজায় রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সোমবার ইউরোপ সফরে যাওয়ার আগে সাংবাদিকদের রুবিও বলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি রয়েছে এবং ওয়াশিংটন সেটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সৌদি আরবের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র কী ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
হুথিদের ধারাবাহিক হামলার বিরুদ্ধে সৌদি আরবের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন রুবিও। তার ভাষ্য, ইয়েমেনের মিত্র বাহিনীগুলো আগের সংঘর্ষে হারানো এলাকাগুলো পুনর্দখলের চেষ্টা করছে।
বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গুরুত্বপূর্ণ এই নৌপথের কাছে হুথিদের নিয়ন্ত্রণের বিরোধিতা করছে সৌদি ও ইয়েমেনি বাহিনী। স্থানীয় বাহিনীর পাল্টা অভিযানকে তিনি প্রত্যাশিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
এর আগে সোমবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি রাজধানী সানা পুনর্দখলে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। হুথিদের কাছ থেকে রাজধানীটি নিয়ন্ত্রণে নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে ‘ভাই ও বন্ধুদের’ সহযোগিতায় এ অভিযান শুরু করা হয়েছে বলে জানান তিনি। ২০১৪ সাল থেকে সানা নিয়ন্ত্রণ করছে হুথিরা।
ইয়েমেনি সেনাবাহিনীর দাবি, তারা বাব আল-মান্দাব প্রণালির কাছে ধুবাব এলাকা এবং কয়েকটি কৌশলগত অবস্থান নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
তবে এ অভিযানে সরাসরি সামরিকভাবে অংশ নেওয়ার বিষয়টি এখনো প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এর পরিবর্তে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও সামরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করছে ওয়াশিংটন।