মা ইলিশ রক্ষায় আগামী ৮অক্টোবর থেকে ২৯অক্টোবর পর্যন্ত ২২দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে ঝালকাঠিতে শুরু হয়েছে ভিজিএফের চাল বিতরণ।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার চার উপজেলায় মোট ৪হাজার ২০০জেলে পরিবারের মাঝে ১০৫মেট্রিকটন ভিজিএফের চাল বিতরণ করা হবে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ১ হাজার, নলছিটিতে ১ হাজার, রাজাপুরে ১ হাজার ২০০ এবং কাঁঠালিয়ায় ১ হাজার জেলে পরিবার এ সহায়তা পাবেন।
প্রত্যেক জেলে পরিবারকে ২৫কেজি করে চাল দেওয়া হবে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলার চার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি মা ইলিশ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার ২২দিন নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে এ সময়ে জেলার নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।