মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সিআইএ’র প্রতিবেদনে ইসরায়েলে গৃহযুদ্ধ ও ‘ধসের’ আশঙ্কা


অক্টোবর ৬, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলের অভ্যন্তরে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে দেশটি গৃহযুদ্ধ কিংবা অভ্যন্তরীণ ধসের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একটি গোপন প্রতিবেদন।

সোমবার প্রকাশিত ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ (ভেতর থেকে ভাঙন) শিরোনামের মূল্যায়নটি গত আগস্টে সিআইএর বিকল্প বিশ্লেষণ নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের একটি দল তৈরি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের পরিস্থিতিকে অস্থিতিশীল হিসেবে বর্ণনা করা হয়েছে। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎও বড় পরীক্ষার মুখে পড়তে পারে।

মূল্যায়নে ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনের অন্যতম প্রধান কারণ হিসেবে আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে দীর্ঘদিনের অব্যাহতির বিষয়টি তুলে ধরা হয়েছে। গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে সামরিক অভিযানের কারণে বিপুলসংখ্যক রিজার্ভ সেনাকে দায়িত্বে ফিরতে হয়েছে। অন্যদিকে, ইয়েশিভায় পূর্ণকালীন ধর্মীয় শিক্ষায় নিয়োজিত থাকার কারণে আল্ট্রা-অর্থোডক্স ইহুদি পুরুষদের একটি বড় অংশ ঐতিহাসিকভাবে বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে অব্যাহতি পেয়ে আসছেন।

দীর্ঘদিন ধরে বিতর্কিত এই ব্যবস্থা যুদ্ধ শুরুর পর আরও বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। আল্ট্রা-অর্থোডক্সদের সামরিক বাহিনীতে নিয়োগের বিষয়ে আইন প্রণয়নে নেতানিয়াহুর জোট সরকার বারবার ব্যর্থ হয়েছে। সামরিক পরিষেবা এড়ানোর অভিযোগে কয়েক ডজন তরুণকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভও হয়েছে, যাতে নেতানিয়াহুর জোটের গুরুত্বপূর্ণ দুই শরিক ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) ও শাস সমর্থন দিয়েছে।

এই বিরোধ নেতানিয়াহুর ডানপন্থী জোটের ভেতরের বিভাজনও স্পষ্ট করেছে। একই সঙ্গে ইউটিজে ও শাসের সমর্থন তিনি ধরে রাখতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। দল দুটি ১৯৯৬ সালে নেতানিয়াহু প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তাঁর অন্যতম নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত।

সিআইএর মূল্যায়নে যুদ্ধ শেষে বিপুলসংখ্যক সশস্ত্র সেনা ও রিজার্ভ সদস্যের বেসামরিক জীবনে ফিরে আসার বিষয়টিকেও সম্ভাব্য অস্থিতিশীলতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলে রিজার্ভ সেনারা বাড়িতে অস্ত্র রাখতে পারেন এবং প্রকাশ্যে অ্যাসল্ট রাইফেল বহনের ঘটনাও সেখানে অস্বাভাবিক নয়।

অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এবং সামরিক ব্যয় বেড়ে যাওয়ায় অর্থনৈতিক চাপও দেশটির অভ্যন্তরীণ অস্থিরতা বাড়াতে পারে বলে মূল্যায়নে বলা হয়েছে।

ড্রপ সাইট নিউজ জানিয়েছে, সিআইএর ‘রেড সেল’ ইউনিট মূল্যায়নটি তৈরি করেছে। সংস্থাটির এই আধা-স্বাধীন ইউনিট মূলধারার গোয়েন্দা বিশ্লেষণের বাইরে গিয়ে বিকল্প পরিস্থিতি পর্যালোচনা এবং প্রচলিত ধারণা ও পক্ষপাতকে চ্যালেঞ্জ করার জন্য কাজ করে।

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে ঘিরেও অনিশ্চয়তার কথা বলা হয়েছে মূল্যায়নে। ইসরায়েলের বিভিন্ন জনমত জরিপের ভিত্তিতে এতে বলা হয়েছে, নেতানিয়াহু কিংবা তাঁর বিরোধী জোট কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে নাও পারে। ফলে নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

মূল্যায়নে সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতিও বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে বিদেশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলো ইসরায়েলে বিনিয়োগ ও নিয়োগ কমিয়ে দেওয়া এবং আঞ্চলিক দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বা বিদ্যমান সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত থেকে সরে আসার মতো পরিস্থিতির কথা বলা হয়েছে।

তবে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে বিদ্যমান উত্তেজনা ও অসন্তোষ মূল্যায়নে বিবেচনায় নেওয়া হয়নি বলে জানিয়েছে মিডল ইস্ট আই। দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ফিলিস্তিনি নাগরিক এবং প্রতিবেদনে তাদের বৈষম্যের শিকার হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে গত শুক্রবার ইসরায়েলি নাগরিকত্বধারী এক ফিলিস্তিনি রাজনীতিক আসন্ন সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ইসরায়েলের সুপ্রিম কোর্ট তাঁর প্রার্থিতা বাতিল করতে পারে এমন ইঙ্গিত দেওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন। একই সময়ে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরও চারটি রাজনৈতিক দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আদালত বাতিল করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});