বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘সরকারের আইন তো মানতেই হইবো, তাই ডাঙ্গায় উইঠা আইছি’


অক্টোবর ৭, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বুধবার মধ্যরাত থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা। এ সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার খবরে নদীতে থাকা জেলেরা ইতোমধ্যে জাল ও নৌকা গুটিয়ে হতাশা ও উদ্বেগ নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছেন।

নিষেধাজ্ঞা চলাকালে উপজেলার ১৭ হাজার ২০০ জেলের জন্য মাথাপিছু ২৫ কেজি করে মোট ৪৩০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে জেলেদের দাবি, ২২ দিনের কর্মহীন সময়ে এই সহায়তা তাদের পরিবারের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। দ্রুত চাল বিতরণের পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে বিকল্প সহায়তা ও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবি জানিয়েছেন তারা।

নিষেধাজ্ঞা শুরুর আগে উপজেলার বিভিন্ন মাছঘাটে জেলেদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়তে দেখা গেছে। সরেজমিনে হাকিমউদ্দিন, হাসান নগর, মির্জাকালু ও সাচড়া এলাকার বিভিন্ন মাছঘাট ঘুরে দেখা যায়, নদী থেকে জাল গুটিয়ে একের পর এক ট্রলার ও নৌকা ঘাটে ফিরছে। ঘাটে সারি সারি করে রাখা হচ্ছে মাছ ধরার ট্রলার। শেষ মুহূর্তে যারা নদীতে রয়েছেন, তারাও মধ্যরাতের আগেই তীরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

নদী ছাড়লেও জেলেদের চোখে-মুখে ছিল জীবিকা নিয়ে শঙ্কা। কারণ, টানা ২২ দিন নদীতে মাছ ধরতে না পারায় বন্ধ থাকবে তাদের আয়-রোজগার। এর সঙ্গে রয়েছে পরিবারের দৈনন্দিন খরচ, ঋণের কিস্তি, নৌকা ও জালের ব্যয়সহ নানা আর্থিক চাপ।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৯ হাজার ৮৩৮ জন। এর মধ্যে এবারের ২২ দিনের নিষেধাজ্ঞায় ১৭ হাজার ২০০ জেলের জন্য মাথাপিছু ২৫ কেজি করে মোট ৪৩০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বরাদ্দকৃত চাল দ্রুত হাতে না পাওয়া এবং পরিমাণ কম হওয়া নিয়ে জেলেদের মধ্যে অসন্তোষ রয়েছে।

মির্জাকালু ঘাটে ট্রলার বাঁধতে বাঁধতে প্রবীণ জেলে রহিম মাঝি বলেন, সরকারের আইন তো মানতেই হইবো, তাই ডাঙ্গায় উইঠা আইছি। কিন্তু এই ২২ দিন পোলাপান লইয়া খামু কী? সরকারি যে ২৫ কেজি চাল দেয়, তা দিয়া কি পুরা মাস চলে? এর মধ্যে আবার এনজিওর কিস্তির চাপ। ধারদেনা কইরা কোনোমতে সংসার চালাইতে হইবো।

হাকিমউদ্দিন ঘাটের জেলে সাত্তার হাওলাদার বলেন, নদীতে না গেলে আমাগো ইনকাম জিরো। অবরোধের সময় সরকার যে চাল দেয়, তা হাতে পাইতে পাইতে অবরোধ অর্ধেক শ্যাষ হইয়া যায়। অনেক সময় আসল জেলেরা ঠিকমতো পায়ও না। আমাগো দাবি, অবরোধ শুরুর লগেলগেই চালটা আমাগো হাতে দেওয়া হোক। আর এই সময় অন্তত এনজিওর কিস্তি নেওয়া বন্ধ থাকুক।

সাচড়া ঘাটে বসে ছেঁড়া জাল মেরামত করছিলেন তরুণ জেলে জামাল। তিনি বলেন, পেট তো আর অবরোধ বোঝে না ভাই! পরিবারের মুখের দিকে তাকাইয়া এই ২২ দিন আমাগো কাছে ২২ বছরের সমান মনে হয়।

এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, আগের বছরগুলোতে নিষেধাজ্ঞার সময়ে প্রশাসনের নজরদারি ও অভিযান কোথাও কোথাও দুর্বল থাকায় অসাধু জেলেরা নদীতে মাছ শিকারের সুযোগ পেয়েছেন। এবার মা ইলিশ রক্ষায় নদীতে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

জেলেদের এসব অভিযোগ ও শঙ্কার বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার শাহা বলেন, মা ইলিশ রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি। আজ মধ্যরাত থেকেই নদীতে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে কঠোর নজরদারি শুরু হবে। আইন অমান্য করলে জেল-জরিমানাসহ জাল ও ট্রলার বাজেয়াপ্ত করা হবে।

তিনি আরও বলেন, ১৭ হাজার ২০০ নিবন্ধিত জেলের জন্য বরাদ্দ ৪৩০ মেট্রিক টন চাল দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বিতরণের ব্যবস্থা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});