গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থার মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তার অভিযোগ, ওই সময়ে পরীক্ষার খাতায় শিক্ষার্থীরা কিছু লিখুক বা না লিখুক, তাদের পাস করিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হতো। এতে শিক্ষার প্রকৃত মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) হলরুমে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলার বৃত্তিপ্রাপ্ত ১৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ ও ফুল তুলে দেন এস এম জিলানী।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “১৭ বছর একটি সরকার এবং একটি রাষ্ট্রের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ জাতিকে মেধাশূন্য করে দেওয়ার জন্য। এই সময়ে লেখাপড়ার মান উঠিয়ে দেওয়া হয়েছিল।”
এস এম জিলানী অভিযোগ করেন, ওই সময়ে সংবাদপত্রের মাধ্যমে তারা জানতে পেরেছেন, শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় লিখুক বা না লিখুক, তাদের পাস করিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হতো। তখন জিপিএ ও গোল্ডেন জিপিএ পাওয়ার প্রবণতা বাড়লেও অনেক শিক্ষার্থী এসএসসিতে ভালো ফল করার পর উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি পরীক্ষায় প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “আমরা এই শিক্ষা পদ্ধতি চাই না।”
কোটালীপাড়ার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে শিক্ষকদের সহযোগিতা কামনা করে সংসদ সদস্য বলেন, “আমাকে আপনারা পরামর্শ দেন, কীভাবে কোটালীপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ উন্নত করা যায়।”
শিক্ষকদের অভিজ্ঞতা ও মতামত কাজে লাগিয়ে বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে এস এম জিলানী বলেন, ‘তোমাদের উদ্দীপ্ত করার জন্য আজকের এই আয়োজনটি আমার ক্ষুদ্র প্রয়াস। লেখাপড়ায় আরও মনোনিবেশ করতে হবে। বইয়ের পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জন করতে হবে।’
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জন এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন উল্লেখ করে এস এম জিলানী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের মেধার বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নিলয় হাওলাদার মোস্তফা।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.