বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় রাউন্ডে শেষ দিনটি উজ্জ্বল ছিল সাব্বির রহমানের জন্য। দীর্ঘ আট বছরের অপেক্ষার পর প্রথম শ্রেণির ক্রিকেটে তিন অঙ্কের দেখা পেয়েছেন এই ব্যাটার, যা মিরপুরে খুলনার বিপক্ষে ড্র এনে দিয়েছে রাজশাহীকে।
কক্সবাজারে ব্যাটারদের ব্যর্থতায় চট্টগ্রামের কাছে ইনিংস ও ১ রানে বিধ্বস্ত হয়েছে বরিশাল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও সিলেট একাডেমি মাঠে অন্য দুটি ম্যাচ শেষ পর্যন্ত অনুমিত ড্রয়েই গড়িয়েছে।
রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে মাত্র ১১৯ রানে গুটিয়ে রাজশাহীকে দ্বিতীয় ইনিংসে উদ্ধার করেন সাব্বির। ২০১৮ সালের জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অপরাজিত ১৬৫ রানের পর এই সংস্করণে আর শতক পাননি তিনি। আট বছরের দীর্ঘ খরা কাটিয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। ২২১ বলে ৮ চার ও ১ ছক্কায় খেলেন ১১৩ রানের ইনিংস। শেষ দিনে ৩ উইকেটে ৩০০ রান নিয়ে নামা রাজশাহীর অধিনায়ক প্রিতম কুমার ফেরেন ৪৪ রানে। নবম ব্যাটার হিসেবে দলীয় ৪৭৪ রানে সাব্বির বিদায় নেওয়ার পর দলটির সংগ্রহ যখন ৯ উইকেটে ৫০০, তখন ড্র মেনে নেয় খুলনা ও রাজশাহী।
কক্সবাজারে দিনের একমাত্র ফল নির্ধারণী ম্যাচে বরিশালের ওপর ছড়ি ঘুরিয়েছে চট্টগ্রাম। ইনিংস ও ১ রানের বড় জয়ে বোনাস পয়েন্টসহ দুই ম্যাচে ১১ পয়েন্ট ঝুলিতে তুলেছে চট্টগ্রাম, বিপরীতে আসরে এটি বরিশালের টানা দ্বিতীয় ইনিংস হার। ৪ উইকেটে ১৪৯ রান নিয়ে দিন শুরু করা বরিশাল মধ্যাহ্নবিরতি পর্যন্ত লড়াই চালিয়ে ৪ উইকেটে ২২৬ রান তুলেছিল। কিন্তু বিরতি থেকে ফিরতেই শুরু হয় ব্যাটিং ধস। রাফসান আল মাহমুদ (৭২) ও মঈনুল ইসলাম (৪১) বিদায় নেওয়ার পর মাত্র ২৯৩ রানেই গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। ৭৭ রানে ৫ উইকেট নিয়ে বরিশালের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন চট্টগ্রামের বাঁহাতি স্পিনার আশরাফুল হাসান রোহান। আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ২ উইকেট শিকার করে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেটের আশরাফুল হাসান রিহাদের ১১২ রানের পর ঢাকার আশিকুর রহমান শিবলি উপহার দেন অপরাজিত ১০১ রানের ইনিংস। সিলেটের প্রথম ইনিংস শেষ হয় ৪৯৬ রানে, ঢাকার লেগ স্পিনার আমিনুল ইসলাম নেন ৫ উইকেট। পরে ঢাকা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২১৯ রান তুলে ইনিংস ঘোষণা করলে ২৭১ রানের লক্ষ্যে নেমে সিলেট ২ ওভারে ১ উইকেটে ২ রান তোলার পর ড্র হয়।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.