গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ এলাকার এমসি বাজারে মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় এক ঘণ্টা পর সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ একাধিকবার সময় দিয়েও কথা রাখেনি। গত ১০ অক্টোবরের আন্দোলনের পর ১৩ অক্টোবর বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে বেতন না পেয়ে বুধবার (১৪ অক্টোবর) আবারও কর্মবিরতি ও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে আশ্বাসে সড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নিলেও বেতন পাননি তারা। বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে সকালে আবারও মহাসড়কে নামেন শ্রমিকেরা।
আন্দোলনরত শ্রমিক তরিকুল বলেন, বারবার বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা পরিশোধ করা হচ্ছে না। বাধ্য হয়েই তাদের রাস্তায় নামতে হয়েছে। শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয়। তবে শ্রমিকেরা অবরোধ অব্যাহত রাখলে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
এর আগে গত শনিবারও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। পরে ১৩ অক্টোবর বেতন পরিশোধের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বেতন না পাওয়ায় বুধবার থেকে আবারও আন্দোলনে নামেন তারা।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.